চট্রগ্রাম : নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায় দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রামমান আদালত। এ অভিযানে `মেনিবা ওয়াটার’ নামের এক পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। আর একই এলাকার দিদার বেকারী থেকে পঁচা ডালডা ও ক্ষতিকর রং জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, পশ্চিম মাদারবাড়ী এলাকায় গত ছয় বছর ধরে নাইসেন্স না নিয়ে পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল মেনিবা ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান। তবে এর মালিক প্রয়োজনীয় কাগজপত্র আছে বলে জানালেও আমাদেরকে দেখাতে পারেনি। কারখানাটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে, তবে এর মালিক যদি কাগজপত্র দেখাতে পারে তবে এটি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন রুহুল আমিন।
এদিকে একই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে দিদার বেকারীর মালিক আগে থেকেই সটকে পড়ে। পরে এ বেকারী থেকে প্রায় ৩০ কেজি পঁচা ও পোকা ধরা ডালডা জব্দ করে নষ্ট করা হয়েছে। এসময় বেকারী পণ্য উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর রংও জব্দ করা হয়েছে। তবে এর মালিক গা ঢাকা দেওয়ায় আর কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়নি, জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
