চট্টগ্রাম: ‘ডায়াবেটিক থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন’ স্লোগানে নগরীর ডায়াবেটিক হাসপাতাল মাঠে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ডায়াবেটিক মেলা। এদিন মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
২০১১ সালে ২০টি স্টল দিয়ে মেলা শুরু করলেও এবার মেলায় অংশ নিচ্ছে ৬০টি স্টল। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া মেলার প্রথম দুইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি গাইনি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সমাজের প্রত্যেক মানুষকে ডায়াবেটিক সেবার আওতায় আনার লক্ষ্য নিয়েই তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।
মঙ্গলবার দুপুরে ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ডায়াবেটিক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা, ওষুধের ব্যবহার ও কোন ধরনের খাবার খেলে ডায়াবেটিক রোগ হবে এ বিষয়ে অবহিত করতেই মেলার আয়োজন।
ডায়াবেটিক রোগের নাম শুনলে এখনও অনেক মানুষ ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, রোগ ধরা পড়বে এ ভয়ে অনেকেই পরীক্ষা করান না। কিন্তু শেষ পর্যন্ত বেড়ে গেলে সবই করতে হয়।
‘রোগ ধরা পড়লেও কোন সমস্যা নেই। চিকিৎসা দেওয়ার জন্য আমরা তো আছি। এখানে ডায়াবেটিক রোগের পাশাপাশি অন্যান্য রোগেরও চিকিৎসা দেওয়া হয়।’
মেলায় রোগীরা ৩০ শতাংশ ডিসকাউন্টে ডায়াবেটিক ওষুধ পাবেন জানিয়ে তিনি বলেন, অনেকেই ইনসুলিন নিতে জানেন না। ফলে নিয়মিত ব্যবহার করেও কোন লাভ হচ্ছে না। তাই মেলায় ইনসুলিন ব্যবহারের নিয়ম সম্পর্কে অবহিত করা হবে।
তিনি জানান, মেলার দ্বিতীয় দিন বিকেলে ‘তোমার পরিবার পরিজন’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর হাসপাতালের সামনে শিশুদের জন্য যাদু প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। মেলার শেষদিন শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বর্তমানে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে আড়াই লাখ ডায়াবেটিক রোগী নিবন্ধিত রয়েছেন জানিয়ে জাহাঙ্গীর চৌধুরী বলেন, হাসপাতাল থেকে প্রায় হাজার গরিব রোগীকে সেবা দেওয়া হচ্ছে। এ খাতে প্রায় ৮০ লাখ টাকা নিজস্ব তহবিল থেকে ব্যায় করা হয়।
ডায়াবেটিক সেবা বাড়াতে নগরীতে চারটি ও বিভিন্ন উপজেলায় উপকেন্দ্র খোলা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি ডা. সৈয়দুর রহমান চৌধুরী, সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এসএম শওকত হোসেন, কোষাধ্যক্ষ যুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন, নির্বাহী সদস্য হাসান মুরাদ, মো. শাহনেওয়াজ, অ্যাডভোকেট জয়কান্ত বিকাশ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
