চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ ‘চিটাগাং সিটি আউটার রিং রোড’ প্রকল্পের নির্মাণকাজে ক্ষতিগ্রস্থ তিন শত পরিবারের মাঝে চেক বিতরণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
বুধবার সকালে নগরীর পতেঙ্গা এলাকায় আউটার রিং রোড নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চেক হস্তান্তর করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
এসময় আউটার রিং রোডের জন্য ত্যাগ স্বীকারকারীদের অবদান চট্টগ্রামবাসী চিরদিন স্মরণ রাখবে উল্লেখ করে চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সাগর পাড়ের মানুষদের আমি সম্মান জানাই, চট্টগ্রামের উন্নয়নে তাদের অবদান চট্টগ্রামবাসী চিরদিন স্মরণ রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পতেঙ্গায় নির্মিত হচ্ছে বেড়ি বাঁধ। এটি পতেঙ্গা সাগর পাড়ের মানুষ তথা চট্টগ্রামবাসীর জন্য সুখবর। প্রকল্পটির কাজ শেষ হলে সাগর পাড়ের ২০ লাখ মানুষ জলোচ্ছ্বাস থেকেই রক্ষা পাবে, এ সঙ্গে এলাকার চেহারা পাল্টে দেবে।’
এসময় তিনি জানান, এ প্রকল্পে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদেরকে আর্থিক ক্ষতিপূরণসহ এক কাঠা করে জায়গা দেওয়া হবে। এছাড়া তিন হাজার পরিবারকে পর্যাক্রমে ক্ষতিপূরণের চেক প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় অর্থনীতির সিংহভাগ যোগানদানকারী চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ এলাকায় বসবাস করেন প্রায় ২২ লক্ষ জনসাধারণ। এই এলাকায় দেশের প্রধান সমুদ্র বন্দর, তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী, জ্বালানী বিপনন সংস্থা, দেশের প্রধান খাদ্য গুদাম সাইলো, দেশের দ্বিতীয় বৃহত্তম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ অবস্থিত। দেশের প্রায় সকল পণ্যবাহী গাড়ি ও স্থানীয় যাত্রীবাহি গাড়ী চলাচলের কারণে তীব্র যানজট থেকে চট্টলাবাসীকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী গত ৩০ জানুয়ারী লালখানবাজার হতে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।’
নাসির উদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সিডিএ বোর্ড সদস্য কাউন্সিলর গিয়াস উদ্দিন, বোর্ড সদস্য জসিম উদ্দিন, সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক হাসান বিন সামস, রাজিব দত্ত, ইঞ্জিনিয়ার রবিউল হক। সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর সালেহ আহমেদ চৌধুরী, মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, মো. আবু তাহের, আবেদ মনসুর, তাহেরা ফেরদৌস, আসফাক, আব্দুল মান্নান, মো. হোসেন মুরাদ, এমএ মান্না, মো. জানে আলম, মো. হাছান, হাজী হাছান, মো. হারুণ, শফিউল আলম প্রমুখ।
