চমেকে ৫০০ শয্যার নতুন হাসপাতাল

0

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রাম থেকে আসা ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ভেতরেই ‘চমেক হাসপাতাল ইউনিট-২’ নামের নতুন আরেকটি হাসপাতাল হতে যাচ্ছে। ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ৫০০ শয্যার নতুন হাসপাতালটিতে পৃথক জনবল ও পরিচালক নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ‘চমেক হাসপাতাল ইউনিট-২’ সহ পাঁচটি পুরোনো হাসপাতালের নতুন ইউনিটের প্রকল্প সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার পরিকল্পনা কমিশনে। বৈঠকে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালক বা প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চমেক ছাড়াও নতুন ইউনিট হবে সলিমুল্লাহ, বরিশাল, রাজশাহী ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, চমেক হাসপাতাল ইউনিট-২ প্রকল্পের অধীন সরকারি অর্থায়নে নতুন একটি ১০ তলা ভবন তৈরি করা হবে। এ লক্ষ্যে চমেক হাসপাতালের পার্কিংয়ে ব্যবহৃত জায়গা, ডা. মিজান হোস্টেল ও ড্রাইভিং শেড এলাকায় তিনটি জায়গাও চিহ্নিত করা হয়েছে, যেখানে নতুন ভবনটি হতে পারে। অবশ্য, ইতিমধ্যে কার্ডিওলজি ভবনটি পাঁচ তলা থেকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে ১০ তলা এবং নার্সিং ইনস্টিটিউটের সামনের আউটডোর বা সহযোগী ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালকের পক্ষে ১৪ ফেব্রুয়ারির বৈঠকে অংশ নিয়েছিলেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. দিদার-উল-ইসলাম। তিনি জানান, বর্তমানে চমেক হাসপাতালে শয্যা আছে ১ হাজার ৩৩৩টি। এর বিপরীতে রোগী থাকে ২ ‍হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ জন। তাই চমেক হাসপাতাল ইউনিট-২ হয়ে গেলে নতুন ৫০০ শয্যাসহ প্রতিদিন দুই ইউনিট মিলে সাড়ে তিন থেকে চার হাজার রোগী সেবা পাবেন। ২০১৫ সালে আমাদের শয্যার চেয়ে ২০০ গুণ বেশি রোগীকে সেবা দিয়েছি আমরা।

সূত্র জানায়, ২০১৪ সালে চমেক হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৮৭ জন। এর মধ্যে ভর্তি হয়েছিলেন ১ লাখ ৫৫ হাজার ৩২৮ জন। ২০১৩ সালে ১ লাখ ৬৪ হাজার ৭৬৫ জনের মধ্যে ভর্তি হন ১ লাখ ২৯ হাজার ২৩১ জন। ২০১২ সালে ১ লাখ ৬৭ হাজার ৩২ জনের মধ্যে ১ লাখ ২৮ হাজার ১১৮ জন ভর্তি হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.