সিটিনিউজবিডি : চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিরুদ্ধে প্রায় ২শ ভরি স্বর্ণ আত্মসাতের অভিয়োগ করেছে দুই স্বর্ণ ব্যবসায়ী। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাওয়ালদার মেজবাহ নামের এক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর পাহাড়তলী রেলওয়ে স্টেশন এরাকা থেকে তাকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরীর হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিত চক্রবর্তি ও পলাশ প্রায় ২’শ ভরি স্বর্ণ নিয়ে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা যাওয়ার জন্য রওয়ানা দিয়েছিলেন। কিন্তু মহানগর ট্রেনটি সময়মতো ধরতে না পারায় নগরীর পাহাড়তলী স্টেশন থেকে সাগরিকা ট্রেনে যোগে ফেনী যাওয়ার অপেক্ষা করছিলেন।
পাহাড়তলী স্টেশনে অপেক্ষামান এ দুই যাত্রীকে তল্লাসী করার নামে নিরাপত্তা বাহিনী কক্ষে ডেকে আনে নিরাপত্তা কর্মীরা। পরে তাদের শারীরীক ভাবে লাঞ্চিত করাসহ তাদের কাছে থাকা ২’শ ভরি স্বর্ণ আত্মসাৎ করে নেন নিরাপত্তা কর্মীরা।
নগর গোয়েন্দা পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ীরা সাগরিকা ট্রেনে করে প্রথমে ফেনী ও সেখান থেকে বাই রোডে বাসে করে ঢাকা যাওয়ার কথা। পরে ভুক্তভুগিরা নগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করলে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাওয়ালদার মেজবাহকে।
বিষয়টি স্বীকার করে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুল হাসান বলেন, নগরীর হাজারী গলির স্বর্ণব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী ও পলাশকে তল্লাসীর নামে জোর করে আটক করে দুইশত ভরি স্বর্ণ আত্মসাত করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। স্বর্ণ আত্মসাতের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাওয়ালদার নামে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
