নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিসংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামবাসী।
দিবসের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করে। এরপর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ভূমি প্রতিমন্ত্রীর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান ও দেবদাশের নেতৃত্বে নগর পুলিশ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া প্রশাসনিক বিভিন্ন সংস্থার পক্ষে রেলওয়ে পুলিশ, আর আর এফ, শিল্প পুলিশ, বিপিআই, আনসার-ভিডিপি, বন বিভাগ, রেলওয়ে পুলিশ সুপার, সিভিল সার্জনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাজনৈতিক সংগঠনের মধ্যে সভাপতি নূরুল আলম ও সাধারণ সম্পাদক এম এ সালামের নেতৃত্বে উত্তর জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর বিএনপি, আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের নেতৃত্বে নগর যুবলীগ, সভাপতি বখতিয়ার সাইদ ইরান ও সাধারণ সম্পাদক আবু তৈয়বের নেতৃত্বে উত্তর জেলা ছাত্রলীগ, নগর স্বেচ্ছাসেবক লীগ, উত্তর জেলা যুবলীগ, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় পার্টি নগর শাখা, জাতীয় যুব সংহতি নগর শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় শ্লোগানে শ্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

Comments are closed.