মোরশেদ রানা : ওমরাহ ভিসায় ভ্রমণ করা যাবে পুরো সৌদি আরব। গত সপ্তাহে সৌদি ট্যুরিজম এন্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের প্রেসিডেন্ট প্রিন্স সুলতান বিন সালমান ওমরাহ পরবর্তী সৌদি ভ্রমণের নতুন এক কর্মসূচি ঘোষণা করেন। প্রিন্স পবিত্র ওমরাহ পালনকারী বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি ঘুরে দেখার আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি এ-ও জানান, নতুন কর্মসূচির আওতায় ওমরাহ পালনকারীরা ইচ্ছা করলে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। বর্ধিত সময়ের জন্য তারা ট্যুরিস্ট হিসেবে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন, তাদের ভিসা ট্যুরিস্ট ভিসা হিসেবেই বিবেচিত হবে।
তিনি বলেন, ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের ল্যান্ডমার্ক বিশেষ করে ইসলামের ঐতিহাসিক নগরগুলো দেখার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। সেখানে তারা ভ্রমণের আকর্ষণীয় গন্তব্যগুলো, শপিং সেন্টার ও মল সমূহ দেখার সুযোগ পাবেন।
এ কর্মসূচির আওতায় ওমরাহকারীরা সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃৃতি সম্পর্কে পরিচিত হওয়া ছাড়াও দেশটিতে চিকিৎসা, শিক্ষা এবং কেনাকাটা করতে পারেন। তারা যে কোনো প্রদর্শনী পরিদর্শন এবং কনফারেন্সেও অংশ নিতে পারবেন। প্রিন্স সুলতানের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশি সহ যে কোন দেশের মুসলিম নাগরিকরা গোটা সৌদিআরব ভ্রমন করার সুযোগ পাবে।

Comments are closed.