চবি প্রতিনিধি : দেশকে ভালোবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ জুলাই) বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
র্যালি শেষে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, তরুণদের নষ্ট করে ফেলার অপচেষ্টা চলছে। তারুণ্য যাতে বিপথগামী না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন, রেজিস্ট্রার ( অতিঃদায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান।
রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, জঙ্গিবাদের সমস্যা দূর করা যায় সেজন্য ঐক্যবদ্ধভাবে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়। আমাদেরকে এ সুন্দর সহাবস্থান ও পরিবেশ ধরে রাখতে হবে।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক বলেন, চুয়েটে জঙ্গিবাদের সমস্যা নাই। তবে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। এজন্য সন্দেহজনক কিছু দেখলে-শুনলে সাথে সাথে আমাদেরকে জানালে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের সমস্যা সমাধানে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Comments are closed.