নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : এলডিপি থেকে বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী আ’লীগে যোগদানকে কেন্দ্র করে খাঁন হাট এলাকায় ধাওয়া- পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ও ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ২৩ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্টানে আ’লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন এলডিপি থেকে বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এ যোগদানকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাতে গাছবাড়িয়া খানহাট এলাকায় আ’লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া, ফাঁকা কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় পক্ষদ্বয়ের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে, এতে ২/১ জন আহত হয়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছুক্ষনের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ২ জনকে আটক করে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ নেয়ামত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পক্ষদ্বয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। একটি পক্ষ যোগদানকে পন্ড করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু বলেছেন, জব্বার চৌধুরীর যোগদানকে কেন্দ্র গণ-জোয়ার সৃষ্টি হয়েছে। এ সময় আ’লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল চলাকালে কর্ণেল অলির অনুসারীরা হামলা চালাতে চেষ্টা করে এবং ৮ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতিরোধ করলে তারা পালিয়ে যায় বলে তিনি জানান।
