গোলাম সরওয়ার : আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও সিটিনিউজবিডি ডটকমের সম্পাদক জুবায়ের সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা ফৌজদারী কার্যবিবরণীর আইনের ২৪৭ ধারা মোতাবেক মামলা খারিজ এবং মামলার দায় হতে আসামীদের অব্যহতি দিয়ে বাদীর হাজিরাকে মিথ্যা মামলা হিসাবে গণ্য করেছেন বিজ্ঞ আদালত।
আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যাহ্নে মহানগর হাকিমের ৬ষ্ঠ আদালতে বিজ্ঞ বিচারক হারুনুর রশীদের এজলাসে চার্জ গঠনের তারিখ নির্ধারন ছিল। মুক্তিযোদ্ধা ও লেখক সিরাজুল ইসলাম ও সাংবাদিক জুবায়ের সিদ্দিকী আসামীপক্ষ ছিলেন।
মামলা বিবাদী পক্ষে পরিচালনা করেন এ্যাডভোকেট ইফতেখার সাইমুল, এ্যাডভোকেট তপন কুমার দাশ, এ্যাডভোকেট আজহারুল হক ও সিরাজুল ইসলামের পক্ষে আইনজীবি ছিলেন এ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ লিপু।
এই মিথ্যা মামলা ও চাঁদাবাজ ইদ্রিসের বিরুদ্ধে আইনি লড়াইতে সহযোগিতার জন্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নকে অভিনন্দন জানিয়েছেন জুবায়ের সিদ্দিকী।
তিনি বলেন, সত্যের জয় হবেই। সমাজের দুষ্টক্ষতকে উপড়ে ফেলতে আমি এদের মুখোশ উন্মোচন করতে বদ্ধপরিকর।
আদালতে আজকের সূর্যোদয়ের ও সিটিনিউজবিডি ডটকমের পক্ষে উপস্থিত ছিলেন গোলাম শরীফ টিটু, দিলীপ তালুকদার, সজল চক্রবর্তী, নবী চৌধুরী, বাবর মুনাফ প্রমুখ।
