নিজস্ব প্রতিবেদক : দশম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো মাসব্যাপী মেলার আজ উদ্বোধন হবে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে । আজ ৫ নভেম্বর বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এসএমই এক্সপোর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তা (এসএমই) খাতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে রফতানি উন্নয়ন ব্যুরো, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সহযোগিতায় এ মেলার আয়োজন করছে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিডব্লিউসিসিআই)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সম্মানিত অতিথি থাকবেন সংসদ সদস্য এম এ লতিফ, সাবিহা নাহার বেগম, মাহজাবীন মোরশেদ, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালেকের সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও চিটাগাং উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। স্বাগত বক্তব্য রাখবেন এক্সপো চেয়ারপার্সন আবিদা মোস্তফা। ধন্যবাদ জ্ঞাপন করবেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী ।
