আনোয়ারা প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৩ মাঝিমাল্লা সাগরে ৪ দিন ভাসার পর অবশেষে কূলে ফিরেছে। আজ (৮ নভেম্বর) মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এফবি মালেক শাহ্ এর সত্ত্বাধিকারি মো. ইব্রাহিম। কক্সবাজারের একটি নৌকার মাঝিমাল্লারা সাগরে মাছ ধরার সময় নৌকাটি ভাসতে দেখে তাঁদের উদ্ধার করে কক্সবাজার উপকূলে নিয়ে যান। এ খবরে তাঁদের পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর, গেল বৃহস্পতিবার উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার এফবি মালেক শাহ্ নামের নৌকায় করে ১৩ মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। গত শুক্রবার সোনারচর এলাকায় মাছ ধরার একপর্যায়ে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ অবস্থায় নৌকাটি ভাসতে ভাসতে গভীর সমুদ্রে চলে যাওয়ায় তাঁদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গভীর সমুদ্রে নিম্নচাপের মধ্যেও তাঁরা এভাবেই ভাসছিলেন। কক্সবাজার উপকূল থেকে তাঁদেরকে আনোয়ারায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে কোস্টগার্ড সাঙ্গু ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে তাঁদের খবর পাওয়া যায়। তাঁরা বেঁচে আছেন ও নিরাপদে আছেন।
