নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার প্রাথমিক স্তরের সকল ধরনের ২শ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক এবং উচ্চ মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণির ৬ হাজার ৮শ শিক্ষার্থী তাদের পাঠ্য বই পায়নি। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি কিন্ডারগার্টেন, উচ্চ বিদ্যালয় সংলগ্ন-১টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি, ব্র্যাকসহ ৫টি এনজিও এর ৬৭টি শিখন কেন্দ্রের দুই শতাধিক শিক্ষার্থী প্রাক্-প্রাথমিকের বই পায়নি।
একই সাথে ২৬টি উচ্চ বিদ্যালয় ও ১৬টি মাদরাসার ৬ হাজার ৮শ শিক্ষার্থীর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ধর্ম বিষয় বই পায়নি। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার:) আশরাফুল আলম সিরাজী বলেছেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনেছেন দু’এক দিনের মধ্যে প্রাক-প্রাথমিকের বই পাওয়া যাবে।
অন্যান্য শ্রেণির সব বই ইতিমধ্যে দেয়া হয়েছে। অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার বলেছেন, ৭ম থেকে ৯ম পর্যন্ত সকল শ্রেণির বই দেয়া হলেও অদ্যাবধি ৬ষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সমাজ, ধর্ম বিষয়ের বই এখনো এসে না পৌছানোর কারণে শিক্ষার্থীদেরকে দেয়া সম্ভব হয়নি।
চন্দনাইশে ৬ হাজার ৮শ শিক্ষার্থীর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে তিনি জানান। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দু’এক দিনের মধ্যে বই পাওয়া যাবে বলে তিনি জানান।
