আনোয়ারায় পল্লী বিদ্যুৎ অফিসে বিক্ষুদ্ধ জনতার হামলা

0

আনোয়ারা প্রতিনিধি::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঠিকমতো না ঠাঙ্গানো, বিদ্যুৎ সংযোগে নিয়ম বহিঃভূত অতিরিক্ত টাকা আদায় ও ঘুষ দাবীর অভিযোগ এনে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম অফিসে হামলা চালায় বিক্ষুদ্ধ জনতা।

সোমবার(২৩ জানুয়ারি) আনোয়ারা উপজেলার সদরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল্লা আল মামুন লাঞ্চিত হন। উচ্ছৃঙ্খল গ্রাহকরা পিয়ন নাজমুল (৩০) কে মারধর করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। সংঘঠিত ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সোমবার দুপুরে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্মীরা পল্লী বিদ্যুৎ অফিসে যান। অফিসে বঙ্গবন্ধুর ছবি ঠিকমতো না ঠাঙ্গানোর কারণে ডিজিএমকে চার্জ করে। এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে ডিজিএম আব্দুল্লা আল মামুনের উপর চড়াও হয় বিক্ষুদ্ধ জনতাসহ ছাত্রলীগের কর্মীরা। তাকে টেনা হেঁচড়া করে ধাক্কা দেয়া হয়। এ সময় পিয়ন নাজমুল মারধরের শিকার হন। উত্তেজিতরা অফিসে থাকা আসবাবপত্র ভাংচুর করে। পরে অফিসের নিচে বিক্ষুদ্ধ জনতাসহ ছাত্রলীগের কর্মীরা অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা করে। ২ ঘন্টা ধরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। ভয়ে তারা অফিসে তালা লাগিয়ে ভিতরে নিরাপত্তা পালন করে। খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রতি মিটারে ৭/৮ হাজার টাকা গ্রাহক থেকে নিয়ে আসছে এক শ্রেণির দালাল। ভূয়া বিল ও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হয় গ্রাহক থেকে। দীর্ঘদিনের পুঞ্জিভূত ঘটনার বহিঃপ্রকাশ করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান, কোন কারণ ছাড়াই আমাদের অফিসের আসবাবপত্র ভাংচুর ও আমার উপর চড়াও হয়েছে দুর্ভৃত্তেরা। আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি এসেছি মাত্র দু’মাস হয়েছে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আনোয়ারা থানার এস.আই মোবারক আলী বলেন, পুলিশ পৌঁছার আগেই ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে শান্ত। আনোয়ারা পল্লী বিদ্যুতের পরিচালক দোলন মজুমদার বলেন, বঙ্গবন্ধুর ছবি ও অতিরিক্ত মিটারের টাকা আদায়কে কেন্দ্র করে গ্রাহকরা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.