সিটিনিউজ ডেস্ক:: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের নির্দেশনা অনুসরণ না করলে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চরণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সমাবর্তনে ৩ হাজার ৪৭৩ জন নবীন গ্রাজুয়েট শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহন করেন। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩ জন গ্রাজুয়েটকে স্বর্ণপদক দেয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
