অনেকেই ছদ্মবেশে আ’লীগের ক্ষতি করছে সজাগ থাকার আহ্বান
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, দলকে সুসংগঠিত করতে প্রকৃত আ’লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দলের নেতৃবৃন্দকে আগামী নির্বাচনে মানুষ বয়কট বা মুখ ফিরিয়ে নিতে পারে। যারা আ’লীগের ছদ্মবেশে দলের ক্ষতি করছে, তাদের থেকে সজাগ থাকার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি চন্দনাইশ উপজেলা আ’লীগের মতবিনিময় সভায়। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের তিনি সুদৃষ্টি কামনা করেছেন। সে সাথে জেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে বিষয়টি তুলে দলকে সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেছেন। চন্দনাইশে সম্প্রতি গরু চুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা নির্ঘুম রাত কাটাচ্ছে। সে সাথে গরু চোরের ডাকাতি স্টাইলে গুলি করে মানুষকে আহত করছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

শনিবার(৪ মার্চ) সন্ধ্যায় চন্দনাইশ সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আ’লীগের নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এম এ মজিদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে এম কায়সার উদ্দিন চৌধুরী, জাকের হোসেন কমরু, জাবেদ মো. গাউস মিল্টন, কেন্দ্রীয় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সুজন, ললিত মহাজন, বেলাল হোসেন মিঠু, আবু তাহের আবু, ডা. আবুল হোসেন, শহিদুল ইসলাম হেলাল, সেলিম উদ্দিন, কে এম হামিদ উদ্দিন, ফরিদুল ইসলাম, মোরশেদুল আলম, এরশাদুর রহমান সুমন সহ অর্ধ শতাধিক নেতা-কর্মী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
