পিডিবিকে পল্লী বিদ্যুৎ সমিতির নিকট হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশের পিডিবিকে পল্লী বিদ্যুৎ সমিতির নিকট হস্তান্তরের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহক ও এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার(৪ মার্চ) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টাকাল ব্যাপী উপজেলার দোহাজারী হাজারী শপিং সেন্টার চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, আ’লীগ নেতা আব্দুল শুক্কুর, নবাব আলী, আবদুল খালেক জগলু, ইউপি সদস্য জামাল উদ্দীন, এলডিপি নেতা আবিদুর রহমান বাবুল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন মানিক, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এম.এ রাজ্জাক রাজ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, ছাত্রলীগ নেতা শহীদ আলী, হাজ্বী ইউছুপ সওদাগর, ডা. নোমান রেজভী, কলিম উদ্দীন, আব্দুল হামিদ ও নাছির উদ্দীন প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বিদ্যুৎ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে সরকার, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বিদ্যুৎ ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছেন। দেশের শিল্প কল-কারখানা গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের বদৌলতে উন্নয়নের রোল মডেলে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন একটি মহল সহ্য করতে না পেরে ষড়যন্ত্রমূলক ভাবে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে পটিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রকে চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি-১ এর নিকট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে । এতে একদিকে যেমন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে অন্যদিকে পিডিবি’র নিয়মিত হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক ভোগান্তিতে পড়বে। বক্তারা পটিয়া ও দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রকে পল্লী বিদ্যুৎ সমিতির নিকট হস্তান্তর না করার জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহবান জানান।
