মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় সিএনজিঅটোরিকশাতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের নাম পাওয়া যায়নি।
শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার মিঠাছড়া-বামনসুন্দর সড়কের মিঠাছরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রোকন্দিপুর এলাকার শামসুদ্দিনের পুত্র।
ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানা উল্লাহ জানান, নাজিম বামনসুন্দর এলাকায় অবিস্থত তার বোনকে স্বামীর বাড়িতে দিয়ে সিএনজিঅটোরিকশাযোগে নিজের বাড়িতে ফিরছিলো। বামনসুন্দর সড়ক দিয়ে মিঠাছরা বাজারে প্রবেশ মুখে একটি গরুকে বাঁচাতে গিয়ে সিএনজিঅটোরিকশা উল্টে যায়। এসময় নাজিমসহ যাত্রীরা আহত হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, নাজিম মেধাবী ছাত্র ছিলো। সে ক্লাসের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতো। তার মৃত্যুতে আমরা এক সম্ভাবনময়ী মেধাবী শিক্ষার্থী হারালাম।
ওচমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, শনিবার বিকেলে জানাযা শেষে নাজিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
