সিটিনিউজবিডি ডেস্ক : রমজান উপলক্ষে আজ থেকে সারাদেশে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। কোথাও অনিয়মের খবর না পাওয়া গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অভিযোগ রয়েছে ডিলারদের। অভিযোগ পেলে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে টিসিবি।
সোমবার সকাল থেকে রাজধানীসহ জেলাগুলোতে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে খোলাবাজারে ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। খোলাবাজারে চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে, প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। এছাড়া, ছোলা কেজি প্রতি ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা আর খেজুর বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
সারাদেশে ১শ’ ৮৫টি ট্রাকে এই পণ্য বিক্রি করছে টিসিবি। ঢাকায় ৩৩ টি, চট্টগ্রামে ১০ টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫ টি এবং জেলা শহরে ২ টি করে মোট ২ হাজার ৮শ’ ১১ জন ডিলার ও ১০ টি খুচরা দোকানে বিক্রি করছে টিসিবি’র পণ্য। তবে চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয় বলে দাবি ডিলারদের।
তারা জানান, যে পরিমাণ পণ্য আছে তা হয়তো দুই তিন ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যাবে। অনেকেই হয়তো পাবে না।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সীমিত পরিমাণ পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে, বাজারের তুলনায় দামে কম পাওয়ায় সন্তুষ্ট ক্রেতা।
তাদের মতে, আরো কিছু পণ্য দেয়া দরকার। মানও ভালো দামও কম বলে জানান তারা।
৩ দফায় ডিলারদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে টিসিবি। মনিটরিং সেল গঠন করে যেকোনো ধরনের অনিয়মে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছে টিসিবি।
টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘যদি কোথাও কোন অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবো। আশা করি গতবছর আমাদের পণ্যের যে পরিমাণ চাহিদা ছিলো এ বছরও তা থাকবে।’
টিসিবি’র এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে।
