নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : ঘুর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানার প্রস্তুতি হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী চন্দনাইশে দুর্যোগ মোকাবেলায় এক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ২৯ মে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, আহমদুর রহমান ভেট্টা, আবদুল্লাহ আল নোমান বেগ, আমিন আহমেদ চৌধুরী রোকন, মোরশেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) দীপংকর রায় সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাইকিং করা হয়েছে। সে সাথে চন্দনাইশে ৫টি সাইক্লোন শেল্টারসহ প্রতিটি ইউনিয়নে ২টি করে আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি উ”চ বিদ্যালয়ে আশ্রয়ন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি ইউনিয়নে ১ জন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদারকে এ বিষয়ে জনগণকে অবহিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে বরকল, বরমা, বৈলতলীর শঙ্খ ও চানখালী নদী তীরবর্তীর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় আলাদাভাবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের পাশাপাশি সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ করার জন্য ০৩০৩৩৩৫৬০০১ নাম্বারে অনুরোধ করা হয়েছে। সে সাথে একটি মেডিকেল টিমসহ অফিসারগণ সার্বক্ষণিক অফিসারগণ কাজ করবেন। একইভাবে প্রতিটি ইউনিয়নে এনজিও’র মাধ্যমে টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান। তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সে সাথে জনগণকে সচেতন থেকে প্রয়োজনে তাঁর কন্ট্রোল রুমের মোবাইল নাম্বারে যেকোন মুহুর্তে যোগাযোগ করে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
