মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরোনো অভ্যাস: কাদের

0

সিটিনিউজ ডেস্ক::বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেস্কো ছোট কিছু শর্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে আজ রোববার সকালে যশোরের রাজারহাটে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ওবায়দুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা আমরা অতিক্রম করেছি। এখন বিদ্যুৎকেন্দ্র করা যাবে। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেব।’

‘এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরোনো অভ্যাস।’

বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।’

যশোরে ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.