‘যাদের ইমেজ ড্যামেজ তাদের মনোনয়ন নয়’

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপির রাজনীতিকে ‘আষাঢ়ের তর্জনগর্জন সার (অন্তঃসার শূন্য)’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিগত আট বছরের আটটি দিনও বিএনপি রাজপথে নামতে পারেনি। এই ঈদে না সেই ঈদে রাজপথে নামবে বলে তারা ঘোষণা দেয়। বিগত আট বছরে ১৭টি ঈদ চলে গেল, কিন্তু বিএনপির মরা গাঙে আর জোয়ার এল না।’ সোমবার যশোর শহরের ঈদগা ময়দানে জেলা ছাত্রলীগের ১৭তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছিল। এজন্য হতাশ মির্জা ফখরুল সাহেব এখন শুধু কাঁদেন। আমি বলি, আপনারা তো ভাল আছেন। আপনার ওপর চোরাগুপ্তা হামলা হয়েছে, কিন্তু আহত হননি। অথচ রাজপথে আমাদের রক্তাক্ত করা হয়েছিল।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে বাংলাদেশ রক্তের নদী হয়েছিল। ২০০১-২০০৫ সালে কত গুম-খুন হয়েছিল, ভুলে গেছেন? আপনারা কাঁদছেন। আমাদেরও কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে।’

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব ২০০১-২০০৫ সাল আর আজকের অবস্থা মিলিয়ে নিন। সেইদিন ছিল আমাদের কান্না। আর আজ আপনারা মায়াকান্না করছেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যাদের ইমেজ ড্যামেজ হয়েছে, তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে না। ঘরের মধ্যে যেন ঘর তৈরির প্রতিযোগিতা না হয়। অসুস্থ প্রতিযোগিতা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

ছাত্রলীগের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অনিয়মিত, অছাত্র ও মাদকাসক্তরা যেন ছাত্রলীগের কমিটিতে স্থান না পায়, তা শক্তভাবে দেখতে হবে। কমিটি বিলম্বিত করা যাবে না। বিলম্ব হলে অযোগ্যরা স্থান পেয়ে যায়। এজন্য যশোরের কমিটি যশোর থেকেই ঘোষণা করতে হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.