নাশকতা করলে খালেদাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে: হাছান

0

সিটিনিউজ ডেস্ক:: লন্ডন সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ছাড়াও অন্য অনেকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। আর এদের পরিচয় তিনি জানেন বলে দাবি করেছেন। বলেছেন, দেশে ফিরে খালেদা জিয়া আগের মত নাশকতা করলে রাজনীতি থেকে চির বিদায় নিতে হবে তাকে।

শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ নামে একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।

শনিবার লন্ডন সফরে যাচ্ছেন খালেদা জিয়া। এই সফরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে দলীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। আর তিনি সফর শেষে ফিরলেই বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেয়া হতে পারে। তবে বিএনপি নেত্রী তিনি কবে ফিরবেন এটা এখনও নিশ্চিত নয়।

বিএনপি নেত্রীর এই সফরের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া পুত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আরো কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেখবর আমাদের কাছে আছে।’

‘তিনি যখন বিদেশ যান তখন একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন এবং সন্ত্রাসবাদ চালান। বলে রাখি, এইবার যদি বিশৃঙ্খলা করেন তাহলে এদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দেবে। রাজনীতির চিরবিদায় দেবে’-বলেন হাছান মাহমুদ।

বিএনপি দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে আর তা মোকাবেলা করতে সেসব দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কিন্তু আমাদের দেশের একটি দল তা প্রতিহত না করে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

আলোচনায় বিএনপির প্রকাশিত গুমের তালিকা নিয়েও কথা বলেন হাছান। বলেন, ‘গুমের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে তাদের অনেকেই স্ব-ইচ্ছায় নিখোঁজ। অনেকেই বিভিন্ন মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছে।’

প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়েদের স্ত্রী শাহেদা ওবায়েদ, বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুছ, তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাস গুপ্ত প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৪জুলাই/টিএ/ডব্লিউবি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.