আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল সংবর্ধিত
নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, প্রবাসে কঠোর শ্রম ও মেধা দিয়ে যে সব বাংলাদেশী বিত্তবান হয়েছেন তাঁদের মধ্যে যারা দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখে চলেছেন তাঁরা জাতির গর্বিত সন্তান। তাঁদের অর্থবিত্তে দেশের মানুষ, সমাজের কল্যাণ ও সমৃদ্ধি অর্জন সাধিত হওয়ায় তাদের জীবন ও কর্ম আমাদের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার হোসেন বাবুল তাঁদের মধ্যে অন্যতম।
জনকল্যাণ ও সমাজসেবা এবং আবুধাবী সহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারনে তাঁর অবদান জাতিকে ধন্য করেছে। তিনি শুক্রবার সকালে আন্দরকিল্লাস্থ মোহাদ্দেছ ভিলায় তাঁর বাসভবনে ইফতেখার হোসেন বাবুলকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদানকালে এ কথা বলেন। সিটি মেয়র ইফতেখার হোসেন বাবুলের জনকল্যাণমুখী কর্মাকান্ডের প্রশংসা করে বলেন, শুধুমাত্র অর্থবিত্ত ও সম্পদের পাহাড় গড়ে কেউই বরণীয় হতে পারেন না।
যাঁরা অর্জিত সম্পদ থেকে সমাজ ও মানুষের জন্য অকাতরে বিলিয়েছেন তাঁরা চিরঞ্জীব হয়ে থাকেন এবং সকলের শ্রদ্ধা ও সম্মানের আসনে সুপ্রতিষ্ঠিত হন। স্মারক সম্মাননা গ্রহণ করে আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন আমার সকল কর্ম ও সাধনার প্রেরণা। তিনি আমাদের অস্তিত্বের শিকড়। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তাকে বাস্তবে রূপ দিতে আমি নিজেকে সম্পৃক্ত করে জনকল্যাণ ও সমাজসেবায় উদ্যোগী হয়েছি।
এর মধ্য দিয়ে আমি আমার জীবনে স্বার্থকতা খুঁজে পেতে চাই। তিনি আধুনিক চট্টগ্রাম নগরী বির্নিমাণে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অব্যাহত প্রয়াসের সফলতা কামনা করে বলেন তিনি অনেক প্রতিকূলতা অতিক্রম করে চলেছেন। এই নগরীকে নাগরিকদের বাসযোগ্য করার জন্য যা কিছু করে চলেছেন তাঁর প্রতি আমাদের প্রত্যেকেরই সংহতি ও একাত্মতা থাকা প্রয়োজন। আমিও নিজের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকতে আগ্রহী। তাহলেই মনে করবো আমাকে যারা আজ স্মারক সম্মাননা প্রদান করলেন তাদের আশা ও আখাক্সক্ষা পূর্ণ হবে।
ইফতেখার হোসেন বাবুলের হাতে স্মারক সম্মাননা তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শফর আলী, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মো: সালাউদ্দিন, বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি মো: ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল মনসুর, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, শ্রমিক নেতা আবদুল গফুর ভূইয়া, সংস্কৃতিকর্মী এড. টিপু শীল জয়দেব, অজয় দাশ, দিলীপ সেন গুপ্ত, মো: আবু তাহের, সাজু দাশ, মো: আলী, আবদুল বারেক, রূপন চৌধুরী প্রমুখ।
