চট্টগ্রাম অফিস : বাংলাদেশ এ্যাপারেল এন্ড সেইফটি এক্সপো বন্দর নগরী চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে বৃহস্পতিবার শুরু হচ্ছে, চট্টগ্রাম ২০১৫। এদিন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে নগরীর খুলশী বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী।
রেডিসন ব্লু’র মেজবান হল রুমে প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এতে মোট ৭৩টি স্টল থাকছে। এরমধ্যে তৈরি পোশাক ১৭, ফেব্রিক্স ১, গার্মেন্টস এক্সেসরিজ ২, গার্মেন্টস ফেব্রিক্স(লোকাল) ১, মেশিনারি ১৮, ফায়ার ইক্যুইপম্যান্ট ২৫, সার্ভিস প্রোভাইডার্স ৭ এবং বিজিএমইএ’র দু’টি স্টল থাকছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের উৎপাদিত পণ্য প্রদর্শন করে এরই মধ্যে সুনাম অর্জন করেছে। এই প্রদর্শনীর মাধ্যমে সেই সুনাম আরও বৃদ্ধির প্রয়াস থাকবে।
বড় পরিসরে এই মেলাতে দেশীয়ভাবে উৎপাদিত পোশাক শিল্পের বিভিন্ন পণ্য উপস্থাপিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতারা একই ছাদের নিচে এদেশের অভিজ্ঞ পোশাক রফতানিকারকদের সঙ্গে মিলিত হতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবে।বায়ার্স ফোরাম পুরোপুরিভাবে মেলায় অংশ নেবে। আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশীদার দেশগুলো সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, ব্র্যান্ড বায়ার, শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেবেন।
মেলায় দুইদিন পোশাক খাতের নিজস্ব ব্র্যান্ডিং, অর্থায়ন, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন, অবকাঠামো উন্নয়ন বিষয়ক চারটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’, ‘ট্রেনিং এন্ড ডেভলপিং স্কিলস ফর স্ট্রং, সাসটেইনেবল এন্ড ব্যালেন্সড গ্রোথ’, ‘ফিন্যান্সিং এ্যাপারেল গ্রোথ’ এবং ‘ক্যাপাসিটি বিল্ডিং অব পোর্ট, কাস্টমস, পাওয়ার এন্ড ইনফ্রাস্টাকচার টু রিচ ৫০ বিলিয়ন ডলার ইন ২০২১’ শীর্ষক সেমিনারগুলোতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়নসহ বিশ্বের কয়েকটি দেশের রাষ্ট্রদূত অংশ নেবে। ৬ আগস্ট দুপুর ২টায় ‘ব্রান্ডিং বালাদেশ’ শীর্ষক প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করবেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
বিজিএমই’র প্রথম সহসভাপতি বলেন, দেশের মোট আমদানি-রফতানি কার্যক্রমের ৯৫ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। বিশ্বের কাছে বাংলাদেশের পাশাপাশি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকেও তুলে ধরতে চাই।
গত বছর ৭ থেকে ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ প্রথমবারের মতো ঢাকা এ্যাপারেল সামিট আয়োজন করেছিল জানিয়ে তিনি বলেন, সেখানে শিল্পের পক্ষ থেকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। সেই লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তাই প্রথমবারের মতো প্রদর্শনীর স্থান হিসেবে চট্টগ্রামকে বেছে নেওয়া হয়েছে।
