বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালী উপজেলা পরিষদের ঝুঁকিপূর্ণ মার্কেটের ছাদের পলেস্তার ধসে নুরুল আজিম(২২) নামের এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহত নুরুল আজিমকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর। আহত নুরুল আজিম উপজেলার পশ্চিম গোমদন্ডী মো. নুরুল হকের ছেলে।
নুরুল আজিম জানায়, মোটর সাইকেল চালিয়ে মীরপাড়া সড়কের মাথায় পৌঁছুলে মার্কেটে ছাদের পলেস্তার ধসে পড়ে মাথায় ও শরীরে আঘাত পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, দূর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে নির্মিত এ মার্কেটে প্রায় ১৮টিঁ মতো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে মার্কেটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
