শেখ হাসিনা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন: ওবায়দুল কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবিক নেত্রী হিসেবে শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

চীন ও রাশিয়াকে নির্যাতিত রোহিঙ্গা এবং মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা জাতির উপর মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে। এই গণহত্যা ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হয়েছে। আজ রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত যেভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার করেছে; ঠিক একইভাবে চীন ও রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের ১২টি অস্থায়ী ক্যাম্পে সোলার লাইট সংযুক্ত করে রোহিঙ্গা পল্লীগুলোকে আলোকিত করা হবে।

মিয়ানমারের এক মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রী ২ দিনের মধ্যে রেসপন্স করবেন এবং মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে সেদেশে ফিরিয়ে নিয়ে যেতে ব্যবস্থা গ্রহণ করবেন।

টেকনাফের, লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেন প্রমুখ ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.