খেলাধুলা,সিটিনিউজ :: হঠাৎ করেই কেমন জানি ছন্নছাড়া হয়ে গেছে বাংলাদেশের বোলিং লাইন আপ। মাশরাফি-সাকিব-তাসকিন-রুবেলরা দলে রয়েছেন তারপরও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মনে ভীতি ছড়াতে ব্যর্থ হচ্ছে টাইগাররা। মনে হচ্ছে, উইকেট নিতেই যেন ভুলে গেছেন বোলাররা। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও সফরকারী বোলারদের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮১/০। কুইন্টন ডি কক ৪৭ ও টেম্বা বাভুমা ৩৪ রানে অপরাজিত রয়েছেন। আগের দুটি ম্যাচের মতো এই ম্যাচের বাংলাদেশের বোলারদের কাছে উইকেট সোনার হরিণে পরিণত হয়েছে।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এখন বেশ ফুরফুরে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের ওপর পাহাড়সম চাপ। যেকোনো মূল্যে তৃতীয় ওয়ানডেটা জিততে চায় টাইগাররা। তবে বাঁচা-মরার এমন ম্যাচে দলে নেই তামিম ইকবাল। তামিম যে থাকছেন না, সেটা আগেই জানা গিয়েছিল। ঊরুতে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়ে গেছেন টাইগার ওপেনার। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এদিকে, তৃতীয় ম্যাচের দলে আরেকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নাসির হোসেনের বদলে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ দু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারডিন, টেম্বা বাভুমা, ওয়াইন মুল্ডার, অ্যানদিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও ইমরান তাহির।
