সিটিনিউজ ডেস্ক:: চেয়ারপারসনের গাড়িবহরে অব্যাহত হামলার মুখেও তার দলের নেতাকর্মীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আহত সাংবাদিকদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।
রোববার সকালে চট্টগ্রামে সাংবাদিকদের অবস্থান করা হোটেলে আসেন মির্জা ফখরুল। এ সময় তিনি সবার খোঁজ-খবর নেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিরোধী মত-পথ সহ্য করতেই পারছে না। নির্মূলের সব চেষ্টায় চালিয়ে যাচ্ছে। এরপরও আমরা যা করছি, এর চেয়ে ধৈর্যের কিছু হতে পারে, আমরা বিশ্বাস করছি না। পুরোপুরিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো শেষ করে দেওয়া হচ্ছে।’
চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী দাবি করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেটা দেখলাম, যারা হামলা করেছে তারা চিহ্নিত। খুব পরিষ্কার করেই বোঝা যাচ্ছে, এরা সরকারি দল আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, যুবলীগের কর্মী।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যতই এসব হামলাকে অস্বীকার করে, ততই তা স্পষ্ট হয়ে ওঠে।’
তিনি বলেন, ‘সরকারের লোকেরাই এ হামলা করেছে। এখন অন্তঃকোন্দল বলে সরকার বিএনপির ওপর দায় চাপাতে চাইছে।’
প্রসঙ্গত, শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে ফেনীতে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ হামলায় গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।
ফেনী পার হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে গিয়ে ফের খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। এখানেও গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।
এর মধ্যেই রাতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেন। সেখানে সার্কিট হাউজে তিনি রাত্রিযাপন করেন।
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতাকে বন্ধ করে দিতেই এ হামলা করা হয়েছে। গণমাধ্যমকর্মীরা কোনো দলের না, তারপরও তাদের ওপর হামলা করা হচ্ছে। এটা কিন্তু চোরাগোপ্তা হামলা। চলন্ত গাড়িতে আড়াল থেকে এই হামলা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি এ ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে এই কথাটা বলতে চাই- যদি সাংবাদিকরাও রেহাই না পান তাহলে কে রেহাই পাবে?’
এ সময় কফি আনান রিপোর্টের বাস্তবায়ন এবং সেফ জোনের কথা বলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সরকার বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
