সিটিনিউজ ডেস্ক:: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে আসছেন কি না জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘আমি আগেও বলেছি, প্রধান বিচারপতি এস কে সিনহার দেশে ফিরে আসা এবং দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত। এখনো তাই বলছি।
তিনি আরো বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বেঞ্চে বসার ব্যাপারে সরকার বিরত করেনি। বরং তার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উঠায় (আপিল বিভাগের অন্য বিচারপতিগণ) সহকর্মীরা তার (এস কে সিনহা) সঙ্গে বসতে রাজি হননি বলে তিনি ছুটি নিতে বাধ্য হয়েছেন। এটা দেশবাসীর জানা উচিত।
প্রসঙ্গত, এর আগে গত ১৪ অক্টোবর অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, বাস্তব অবস্থা বিবেচনা করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফর শেষে ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত ব্যাপার।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর এক মাসের ছুটিতে অস্ট্রেলিয়া যান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে রওয়ানা হন তিনি। দেশটিতে থাকা বড় মেয়ে সূচনা সিনহার বাসায় উঠেছেন তিনি।
এর আগের দিন (১২ অক্টোবর) আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি ছুটিতে আছেন। এরই মধ্যে আবার অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা সফরে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন।
