আনোয়ারায় এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের যোগসাজশে এ অর্থ আদায় করা হচ্ছে।

শিক্ষার্থীরা জানায়,এসএসসি ফরম পূরণের সময় কোচিং ফিসহ বিভিন্ন খাত দেখিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৪৫ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ২ হাজার ৯৫৫ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচনী পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে বিভিন্ন হারে জামানত নেওয়া হচ্ছে। অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে তিনশ টাকা জরিমানাসহ জামানত হিসেবে নেওয়া হচ্ছে আরো ২ হাজার টাকা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,কেন্দ্র ও বোর্ড ফি মিলিয়ে এসএসসি ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ১৮৮৫ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ১৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবদুস সামাদ তৌহিদ জানায়,অতিরিক্ত অর্থ দিতে না পারায় সে ফরম ফিলাপ করতে পারেনি। সরওয়ার আলম জানায়, প্রতিবছরই এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে গলাকাটা অর্থ আদায় করা হয় এ স্কুলে। তারা বোর্ডের কোনও নির্দেশনা না মেনে নিজেদের নিয়মে পরীক্ষার ফি আদায় করে আসছেন। মাত্রাতিরিক্ত ফি আদায়ের ফলে গরীব ও মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিপাকে পড়েছেন।

পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক মল্লিক অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন,স্কুল কমিটির সিদ্ধান্ত মতে ফরম ফি নির্ধারণ করা হয়েছে। স্কুলের শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকদের অতিরিক্ত পরিশ্রম করতে হয় তাই কোচিং ফি বাবদ ১ হাজার পাঁচশ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য প্রতি বিষয়ে জরিমানা আদায় করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সেলিম রেজা বলেন,কেন্দ্র ও বোর্ড ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। আর অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে জামানত হিসেবে টাকা নিলে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.