চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৭০ টি পাসপোর্ট সহ ৮জন জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১৪ জনকে আটকের পর তাদের মধ্যে ৮ জনকে দালাল হিসেবে চিহ্নিত করেছে নগর গোয়েন্দা পুলিশ। এই আটজনের কাছ থেকে ১৭০টি পাসপোর্ট ও বিভিন্ন কাগজ পত্র জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, পাঁচলাইশ জাতিসংঘ পার্কের সামনে এসব দালালরা প্রকাশ্যেই ছিল। যারা পাসপোর্ট করতে আগ্রহী তাদের সঙ্গে দরদাম করছিল। ঘটনাস্থলে কিছুক্ষণ অবস্থান করে পরিস্থিতি সচক্ষে দেখে তারপর হাতেনাতে তাদের আটক করেছি।
তিনি জানান, পাসপোর্ট করতে সরকার নির্ধারিত ফি ৩৪৫০ টাকা হলেও দালালরা প্রত্যেকের কাছ থেকে ন্যূনতম ৫০০০ টাকা পর্যন্ত নেয়। আবার জরুরি ভিত্তিতে করতে হলে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেয়। এই দালালচক্রের সঙ্গে যোগসাজশ আছে পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তারও। আটক ১৪ জনের মধ্যে ৮ জন দালাল এবং বাকি ৬ জন পাসপোর্ট করতে এসেছিল। ৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ৮ দালাল হলেন, প্রদীপ চৌধুরী, মো.ওসমান, মো.কামরুল হাসান, মো.জসিম, বিক্রম সিংহ, রাশেদ উদ্দিন, বাবলা সরকার এবং আব্দুল মান্নান।
