চট্টগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকের সড়ক অবরোধ

0

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুর নবী লেদুর উপর চুয়েট ছাত্রদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকরা।

সোমবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর নিমতলা বিশ্বরোড় মোড়ে অবরোধ করে শ্রমিকরা। রাস্তার উপর ট্রাক ও কাভার্ডভ্যান এলোপাতাড়ি করে রেখে অবরোধ সৃষ্টি করলে আগ্রাবাদ বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পরে পুলিশ গিয়ে শ্রমিক নেতাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বেলা পৌনে ১টার দিকে অবরোধ তুলে নেয়।

চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুণ বলেন, ‘রবিবার রাত ১টার দিকে পুলিশের সহযোগিতায় ছাত্ররা আমাদের নেতা আব্দুর নবী লেদুর উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে। তার বাড়িতে ভাংচুর করেছে। এ ঘটনার বিচারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।’

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি-বন্দর জোন) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আমরা শ্রমিক নেতাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে নগরীর বায়োজিদ থানার অক্সিজেন এলাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গাড়িতে হামলা ও গাড়ি হেলপারকে মারধরের ঘটনায় ছাত্রদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা লেদু হাজির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সড়কের উপর চুয়েটের ছাত্রবহনকারী ৪/৫টি বাস এলোপাতাড়ি করে রেখে অবরোধ করলে চট্টগ্রাম হাটহাজারী সড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরোধ তুলে দেয়ার পর বায়োজিদ থানা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা আলহাজ্ব আব্দুর নবী লেদু মদ্যপ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুয়েটের ছাত্রদের গালাগাল ও মারধর করলে পরিস্থিতি আবার অবনতি হয়ে উঠে। এসময় বিক্ষুব্ধ চুয়েট শিক্ষার্থীরা লেদুর উপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। অক্সিজেন ইসলামী ব্যাংক মার্কেটের তৃতীয় তলায় লেদু হাজীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে শিক্ষার্থীরা। হামলা পাল্টা হামলার ঘটনায় চুয়েটের ছাত্রসহ অন্তত ১০ জন আহত হয় বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.