প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরে ২ চুক্তি ও ৯ সমঝোতা

0

সিটিনিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরে ৯ টি সমঝোতা স্মারক ও ২ টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফর সম্পর্কে বিস্তারিত জানান তিনি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৩ ডিসেম্বের কম্বোডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে তাঁর এই সফর। তিনদিনের সফর শেষে ৫ ডিসেম্বর তার ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কম্বোডিয়ার সফর উপলক্ষে মন্ত্রী মাহমুদ আলী বলেন, সফরে বেসরকারি বিমান চলাচল ও দুই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠনের মধ্যে সহযোগিতা সংক্রান্ত দুটি চুক্তির সম্ভবনা রয়েছে।

এছাড়া বিভিন্ন বিষয়ে নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জয়েন্ট ট্রেড কাউন্সিল গঠন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন সহযোগিতা, শ্রম ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, পর্যটন ক্ষেত্রে সহযোগিতা, যুদ্ধের ইতিহাস, স্মৃতিস্তম্ভ এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণে সহযোগিতা বিষয়ক, মৎস ও অ্যাকুয়াকালচার বিষয়ক এবং বিনিয়োগ প্রসারে সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং রয়্যাল একাডেমি অব কম্বোডিয়া (আরএসি) এর মধ্যে একাডেমিক পর্যায়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সরকারি সফর। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.