সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর সিটি নির্বাচনের মধ্যদিয়ে সরকারকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলার প্রচারণায় অংশ নিয়ে পথসভায় একথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘এ নির্বাচন আমাদের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সিটি নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। কিন্তু এই নির্বাচনের মধ্যদিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে মেসেজ (বার্তা) পৌঁছে দিতে হবে যে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’
তিনি বলেন, ‘এ সরকার ৮ বছরে দেশের মানুষের কোমর ভেঙে দিয়েছে। চালের দাম ১০ টাকা করে খাওয়াবে বলে কথা দিলেও আজ আমাদের ৪০ টাকা কেজি দরে মোটা চাল খেতে হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। সারের দাম বাড়িয়েছে। কৃষক তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না।
তিনি বলেন, পদ্মা সেতু নিয়েও এ সরকার খেলা খেলছে। পদ্মা সেতু নির্মাণের ব্যয় ১০ হাজার কোটি টাকা থেকে বেড়ে এখন ৩০ হাজার কোটি টাকায় এনে দাঁড় করিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের এক হতে হবে। খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আর তাই ধানের শীষের প্রার্থী কাওসার জামান বাবলাকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘এরশাদ সাহেব রংপুরের কোনো উন্নয়নই যদি করতে না পারেন, তাহলে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তিনি জোট করেছেন কেন?’
তিনি বলেন, ‘এরশাদ সাহেবকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ একজোট হয়ে কাজ করছে। তিনি সরকারি দলেও আছেন আবার বিরোধী দলেও আছেন। এই সরকার অনেক মায়ের বুক খালি করেছে। যারা গুম-খুন করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হতে পারে না।’
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘যারাই এ সরকারের অন্যায়ের প্রতিবাদ করছে বা কথা বলছে, তাদেরকেই গুম-খুন করা হচ্ছে। গতকাল (রোববার) ডিএমপির তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার স্বীকার করে বলেছে তারাই গুম-খুন করছে।’
তিনি বলেন, ‘কিছুদিন আগে ফরহাদ মজহারের মতো একজন গুণী মানুষকে গুম করলেও অনেক নাটকের পর আবার ফিরিয়ে দিয়েছে। অধ্যাপক আসিফ নজরুলের মতো লোককে ২৬টা মামলা, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১৮৫টি মামলা আর আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে এই স্বৈরাচার সরকার। মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে জেল খাটিয়েছে এ সরকার।’
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রার্থীকে সুষ্ঠুভাবে কাজ করতে না দিলেও জাতীয় পার্টিকে সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ। তাই আমরা মনে করছি সুষ্ঠু নির্বাচন হবে না।’
বিএনপি মহাসচিব নগরীর সিও বাজার এলাকায় দলের প্রার্থী বাবলাকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এরপর তিনি নগরীর কাচারী বাজার এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালান।
এসময় তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন, বিএনপির রসিক নির্বাচন সমন্বয়ক ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাবেক এমপি সাহিদা রহমান জ্যোস্না, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির সাবেক সম্পাদক সামসুজ্জামান সামু, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসাসহ প্রমুখ।
