পড়ালেখা করে মানুষ হিসেবে বের হতে হবে, দানব হিসেবে নয়
নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বক্ষে ধারণ করে সামনে এগুতে হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে পড়ালেখা করে মানুষ হিসেবে বেরুতে হবে, দানব হিসেবে নয়।
মন্ত্রী আজ চট্টগ্রামের হালিশহর পি এইচ আমীন একাডেমির ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের স্বাধীনতার যুদ্ধ শেষ হয়েছে, এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়ার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে। এজন্য কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।
উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশকে দেখতে হলে এ সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ক্ষমতায় থেকে দুর্নীতি ও দলবাজি করা যায় না। দুর্নীতি ও দলবাজি উন্নয়নে বাধা সৃষ্টি করে।
স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য মন্ত্রী বলেন, লেখাপড়া করে মানুষের উপকারের জন্য কাজ কর। শিক্ষা গ্রহণ করে যদি অন্যের দুঃখ ঘুচে দিতে না পার তাহলে সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। তোমাদের গণতন্ত্রের শিক্ষা নিয়ে দেশ গড়তে হবে।
মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যে জাতি বীরের কদর করতে জানে না, সে দেশে বীর জন্মায় না। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে না তারা নতুন ইতিহাস করতে পারেনা। আমরা ৩০ লক্ষ শহিদের রক্ষের ওপর দাঁড়িয়ে আছি। আমাদের স্বাধীনতার ইতিহাস জানতে হবে।
পিতা-মাতার ঋণ, শিক্ষকের ঋণ স্বীকার করতে হয় শোধ দেয়া যায় না। ছাত্র-ছাত্রীরা খোলা জানালার মত। আর শিক্ষকেরা মোমবাতির মত আলো দেয়। এক সময় নিজে নিজে নিঃশেষ হয়ে যায়। প্রতিদানে ছাত্র-ছাত্রীদের শিক্ষকদের অবদানের কথা স্মরণ করতে হয়।
এস এম জাহিদ চৌধুরীর সভাপতিত্বে সাংসদ ডা. আফসারুল আমীন বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, এ মাটিতে মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। বাঙালি বীরের জাতি, এরা যুদ্ধ করতে জানে। জঙ্গি-সন্ত্রাস তাড়াতে হলে বাঙালি প্রয়োজন হলে আবার যুদ্ধ করবে।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচক প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
