সিটিনিউজ ডেস্ক :: নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক প্রতিবাদ সভায় রিজভী এ আহ্বান জানান।
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। যে নির্বাচনে জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, সেই ভোট নিশ্চিত করেছিল বিএনপি বারবার।’
বিএনপির আন্দোলনের কারণেই দেশের বেশির ভাগ রাজনৈতিক দল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
