চবিতে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা 

0

সিটি নিউজ প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জের ধরে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রলীগের মধ্যে দুদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন ছাত্র আহত হয়েছে।এদের মধ্যে ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বী সহ ২জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৪ জানুয়ারী) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ।

এ সময় ছাত্রলীগের ২৫/৩০ জনের একটি দল মিছিলে হামলা চালায়। এতে ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বী ও রিজু লক্ষ্মীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের বর্তমানে চবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চাকসু ভবনের সামনে থেকে দুপুর ১টার দিকে একটি মিছিল বের করে বামপন্থী প্রগতিশীল ছাত্রজোট। তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যেতেই বিপরীত দিক থেকে লাঠিসোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের ধাওয়া দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইপক্ষকে সরিয়ে দেয়।

প্রগতিশীল ছাত্রজোটের  নেতারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের মিছিলে হামলা চালায়। এতে ২০-২৫ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন সাংবাদিকদের বলেন, হট্টগোল শুনেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে আহত একজনকে মেডিকেল সেন্টারে পাঠানো হয়। তবে কারা ধাওয়া দিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ছাত্রজোটের নেতারা আমাদের মৌখিকভাবে জানিয়েছে। তবে লিখিত কোনো অভিযোগ দেয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

দ্বিতীয় দফা সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। বর্তমানে ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত আছে। পরিস্থিতিও শান্ত।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.