মিরসরাইয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
এম আনোয়ার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের জাহাঙ্গীর আলম মিঞা বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পারভীন আক্তারের (৩৫) লাশ উদ্ধার করে। পারভীন আক্তার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে।
আহত অবস্থায় স্বামী বেলায়েত হোসেনকে পুলিশ আটক করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তাদের ১ টি কন্যা সন্তান ও ১ টি পুত্র সন্তান রয়েছে।
নিহত পারভীন আক্তারের ভাই সেলিম উদ্দিন জানান, তার বোন পারভীন আক্তারের প্রথম স্বামী মারা যাওয়ার পর বেলায়েত হোসেনের সাথে প্রায় ৫ বছর আগে দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর থেকে প্রথম স্বামীর সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্বামীর সাথে পারভীন আক্তারের কলহ দেখা দেয়। এরপর থেকে তাদের পারিবারিক কলহ লেগে থাকত।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে খবর আসে তার বোন পারভীন আক্তারকে স্বামী বেলায়েত হোসেন ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে।
সোনাপাহাড় গ্রামের মোহাম্মদ মিঠু জানান, বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভেতর পারভীন আক্তারের গলা কাটা লাশ পড়ে আছে। বেলায়েত হোসেনেরও গলায় ছুরি দাগ রয়েছে। পরে তারা জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং স্বামী বেলায়েত হোসেনকে আটক করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে পাঠায়।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন জানান, বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। এরপূর্বেও বিভিন্ন সময়ে টাকাপয়সার জন্য স্ত্রীর উপর নিযার্তন চালাতো। তারই জের ধরে এই হত্যাকন্ড ঘটায়।
জোরারগঞ্জ থানার সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ জানান, ঘটনাস্থল থেকে নিহত পারভীনের গলা কাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামী বেলায়েতকে আটক করা হয়েছে। তবে স্ত্রীকে হত্যার পর সেও আত্মহত্যার চেষ্টা করেছিলো বলে ধারণা করা হচ্ছে।
তাকে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা আবু তাহের বাদি হয়ে থানা একটি মামলা দায়ের করেছেন।
