ডিজিটাল আই্ন মধ্যযুগীয় নিপীড়নমূলক ও মানবতাবিরোধীঃ রিজভী

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় যা উল্লেখ করা হয়েছে তা মধ্যযুগীয় নিপীড়নমূলক ও আইনটি মানবতাবিরোধী।

এই আইনের ফলে নিপীড়নের শিকার হবে সাংবাদিকরা, থাকবে না বাক স্বাধীনতা। সরকারের দুর্নীতি যাতে প্রকাশ না পায় সে জন্যেই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রস্তাব।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারার নিন্দা জানিয়ে সেটি পাস না করতে সংসদের প্রতি আহ্বান জানান তিনি।

এ আইনে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সমালোচনায় কঠিন সাজা রাখারও বিরোধিতা করেন রিজভী।

তিনি বলেন, মধ্যযুগে রাজা বা তার পরিবারের সদস্য বা মুকুটের বিষয়ে সমালোচনা করলে শূলে চড়ানো হতো। এমন বিধানও ফিরিয়ে আনতে চাইছে সরকার।

রিজভী বলেন, নতুন আইনের ৩২ ধারায় যা উল্লেখ করা হয়েছে তা মধ্যযুগীয় নিপীড়নমূলক ও আইনটি মানবতাবিরোধী। এটি আরও একটি কালো আইন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এ আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বলে কিছু থাকবে না। গণমাধ্যমের স্বাধীনতা বলেও কিছু থাকবে না।

বিএনপি নেতা বলেন, ৩২ ধারার আওতায় গুপ্তচরবৃত্তির অভিযোগে নতুন করে নিপীড়ন ও হয়রানির শিকার হতে পারেন সাংবাদিকরা। এ আইনে বাকস্বাধীনতাকে অপরাধে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকামীরাই ক্রিমিনাল হিসেবে অভিহিত হবে।

রিজভী আরও বলেন, এটাকে জংলি আইন ছাড়া কিছু বলা যায় না। তথ্য অধিকার মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত। এই আইনের ফলে মানুষের যে তথ্য অধিকার, সেটা খর্ব হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.