সিটি নিউজ ডেস্কঃঃ কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, রায়ের কপি এখনও হাতে আসেনি। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাধারণ বন্দির মতো রাখা হয়েছে।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজি প্রিজন এ তথ্য জানান ।
তিনি বলেন, কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সরবরাহ করা হচ্ছে। বাইরের শুষ্ক খাবার খালেদা জিয়ার জন্য গ্রহণ করা হবে। এছাড়া বাইরের অন্য কোনো খাবার তাকে দেয়া যাবে না।
খালেদা জিয়ার ডিভিশন আবেদন প্রসঙ্গে তিনি বলেন, জেলকোডে সাবেক প্রেসিডেন্টের ডিভিশন পাওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর কথা নেই। সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পাবেন এটি জেল কোডের কোথাও নেই।
এর আগে আজ রবিবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিশেষ জজ-৫ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান রোববার আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
