সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী কারাগারে ডিভিশন ও তার সঙ্গে পরিচারিকা (সেবিকা) ফাতিমার থাকার বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশটি জেলগেটে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতের জারিকারক আনিসকে সঙ্গে নিয়ে কারা কর্তৃপক্ষর কাছে আদালতের এই আদেশ পৌঁছে দেন।
এর আগে গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এই মামলায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমাকে ১০ বছরের সাজা দেয়া হয়। মামলার অপর চার আসামিকেও ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
