কামরুল ইসলাম দুলু, সিটি নিউজ :: তিনদিনের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলায় বেড়েছে পকেট মারের উপদ্রব্য। দেশী-বিদেশী লাখো পূর্ণার্থীর আগমনে সীতাকুণ্ড এখন মুখরিত। মেলার দুইদিনে পকেটমারের কাছে সর্বস্ব হারিয়েছে শতাধিকেরও বেশি তীর্থযাত্রী।
এতে ১০জন নারীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্মীরা। মেলাকে কেন্দ্র করে মন্দির সড়কের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা বসানো হলেও ঠেকানো যায়নি ছিনতাই ও পকেটমারের দৌরাত্ম্য।
মেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষার জন্য সীতাকুণ্ড মডেল থানার অফসার ইনচার্জ ইফতেখার হাসানের নেতৃত্বে তিন শতাধিক পুলিশ সদস্য এবং ৩০ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য মেলা চলাকালীন সার্বক্ষণিক ভাবে নিয়োজিত রাখা হলেও মেলায় ছিনতাই এবং পকেটমার থেকে রক্ষা পাচ্ছে না দুর-দুরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে মেলায় আগত তীর্থযাত্রীরা চন্দ্রনাথধামে যাওয়ার সময় শ্মশান কালী বাড়ি এলাকা অতিক্রমকালে ৬/৭জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র হালিশহর থেকে আসা কিশোর শর্মা ও পলাশ নাথ নামের দু’তীর্থ যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে পাশের পেয়ারা বাগানে নিয়ে যায়।
এসময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা হকি স্টিক দিয়ে এলোপাথারী পিটিয়ে তীর্থযাত্রী পলাশকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
একইভাবে মেলার দ্বিতীয় দিনও ছিনতাইকারীরা নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে চন্দ্রনাথধামের ব্যাসকুণ্ড, জগন্নাথ আশ্রম প্রাঙ্গন, স্বয়মভুনাথ মন্দির এলাকাসহ বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে ছিনতাই করে। এতে গত দু’দিনে ছিনতাইয়ের শিকার হয়েছেন শিব চতুদর্শী মেলার আগত শতাধিক তীর্থযাত্রী।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত)মোজাম্মেল হক জানান, বড় ধরনের অপ্রিতিকর কোন কোন ঘটনা মেলায় ঘটেনি তবে ৩০ জন পকেটমারকে আটক করে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।
