আমরা যেভাবে চাই,সেভাবেই ঠান্ডা থাকেনঃ বিএনপকে মো. নাসিম
সিটি নিউজ ডেস্কঃঃ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা যেভাবে চাই সেভাবেই ঠান্ডা থাকেন, গরম হওয়ার কোন চেষ্টা কইরেন না।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউরোজিক্যাল সার্জন অ্যাসোসিয়েশনের ১২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
চৌদ্দ দলের সমন্বয়ক মো. নাসিম বলেন, বেগম জিয়া জেলে আছেন, তিনি মাননীয় বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী। আদালতের মাধ্যমে আপনি গেছেন ভেতরে, আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে যাবেন। কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা কইরেন না। বিএনপির বন্ধুদেরকে বলব, একটু ঠান্ডা থাকেন, যেভাবে ঠান্ডা চাই, সেভাবেই ঠান্ডা থাকেন। গরম হওয়ার কোনো চেষ্টা কইরেন না দয়া করে।
মন্ত্রী বলেন, চিন্তাও করি না যে, কেউ জেলে থাকুক, কাউকে বাদ দিয়ে আমরা ইলেকশন করি, এটা কোনোভাবেই আমরা চাই না। একতরফা খেললে তো লাভ হয় না। একতরফা খেললে ভালো লাগে না। খেলে আবার জিতে যাই ইনশাল্লাহ, খেলে জিতে যাব। খেলে গোল দেব। এই চিন্তা আমরা করি সবসময়।
এ ছাড়া বর্তমান প্রশ্নপত্র ফাঁস বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি মহামারি আকার ধারণ করেছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী। আগামী নির্বাচনের আগে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।
