মুক্তিযোদ্ধা ডা. সুনীল ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য্যের পিতা মুক্তিযোদ্ধা ডা. সুনীল ভট্টাচার্যের শেষকৃত্য তাঁর নিজগ্রামে সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের বাবা।
গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের নিজগ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী ৬ মার্চ মঙ্গলবার প্রয়াতের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিহ হবে।
ডা. সুনীল ভট্টাচার্যের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য নওশের আলী খান ও আসিফ সিরাজ গভীর শোক জানিয়েছেন।
তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের এ কৃতি সন্তান ছিলেন ১৯৭১ সালের সম্মুখ সমরের একজ অকুতোভয় মুক্তিযোদ্ধা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তিনি তাঁর জীবদ্ধশায় তিনি যে একজন মুক্তিযোদ্ধা সে পরিচয় কাউকে দেন নি। এবং তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন তাও বলতে পরিবারের সবাকে নিষেধ করে গেছেন।
তাঁর নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও তিনি পরিবারের সদস্যদের অগোচরে রেখেছেন। কারণ হিসেবে জানা যায়, মুক্তিযুদ্ধকালীন বা তার পরে তাঁর উপর স্বাধীনতা বিরোধীরা বার বার আক্রমন করলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেন নি। তাই তিনি মনের ভিতর লুকিয়ে রাখা ক্ষোভ, অভিমান থেকে মুক্তিযোদ্ধা পদবীটা সাধারণ্যের অগোচরেই রেখেছেন।
