সিটিনিউজবিডিঃ শুক্রবার লিবীয় উপকূলে পাঁচ শতাধিক অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবেছে। এর মধ্যে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরে ২ হাজার ৪০০ অভিবাসীর মৃত্যু হয়েছে শুধু ভূমধ্যসাগরে ডুবে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, লিবিয়া উপকূলে ডুবে যাওয়া দুটি নৌকা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। শুক্রবার লিবীয় উপকূলে নৌকাডুবিতে নিহতদের মধ্যে শিশু ও নারীসহ সাতজন বাংলাদেশি। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ জন বাংলাদেশিকে। তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ার বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এই বাংলাদেশিরা ইউরোপে অভিবাসী হওয়ার চেষ্টা করছিল। নিরাপদ ও উন্নত জীবনের আশায় লিবিয়ায় বসবাসরত বিদেশিরা আগে থেকেই ওই দেশ ছাড়ছিলেন। তবে পরিবারসহ বাংলাদেশিরা লিবিয়া ছাড়ার চেষ্টা করছেন- এমন ঘটনা এই প্রথম ঘটল।
