সাংবাদিক মফিজুল ইসলাম পেলেন জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড
সিটি নিউজ,চট্টগ্রাম : বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড- ২০১৮ইং প্রদান করা হয়েছে। ২ এপ্রিল সোমবার বিকেলে বিজিএমইএ কমপ্লেক্সের অডিটোরিয়াম হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম চৌধুরীসহ ৬ জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জানা যায়, তৈরি পোশাক শিল্প বিষয়ে সুগভীর গবেষনাধর্মী প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করার জন্য বিজিএমইএ ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে এই ফেলোশিপ প্রদান করে আসছে। বিজিএমইএএ সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে উপরোক্ত ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি জনাব ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) জনাব মোহাম্মদ নাছির, বিইউএফটি’র উপাচার্য অধ্যাপক ড. নিজামুদ্দিন আহমেদ এবং বিজিএমইএ বিইউএফটি জার্নালিজম ফেলেশিপের ৩ জন মেন্টর, একুশে টিভির সিইও এবং প্রধান সম্পাদক মঞ্জুুরুল আহসান বুলবুল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক জনাব শ্যামল দত্ত, গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকদের নাম ঘোষনা করেন। বরাবরের মতো এবারও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মোট ৬ জন সাংবাদিককে জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান করা হয়। ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকরা হলেন : দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক জনাব আবু হেনা মুহিব, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট জনাব মোঃ হাসানুল আলম শাওন, দি ডেইলি সান পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট জনাব জসিম উদ্দিন, একাত্তর টিভির স্টাফ রিপোর্টার কাবেরী মৈত্রেয়ী, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব মফিজুল ইসলাম চৌধুরী ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব রাশেদুল তুষার। নির্বাচিত ফেলোদের প্রত্যেকের হাতে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
শিল্পমন্ত্রী ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকদের নাম ঘোষনার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের পোশাকখাত অনেক সাফল্য অর্জন করেছে। এক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা অসামান্য। পোশাকখাতকে আরো অনেকদুর এগিয়ে নেয়ার জন্য ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের কাজে দক্ষতা বৃদ্ধির জন্য বিজিএমইএ’র এ ধরনের উদ্যোগকেও সাধুবাদ জানান। বিজিএমইএ সভাপতি বলেন, আগামীতেও সাংবাদিকদের জন্য এই ফেলোশিপ প্রদান অব্যাহত থাকবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জনাব মোহাম্মদ নাছির।
