এম বেলাল উদ্দিন, রাউজান : ম্যালেরিয়া হচ্ছে পরজীবি বাহিত রোগ। এনোফিলিস জাতীয় স্ত্রী মশা হচ্ছে এই রোগের বাহক। ম্যলেরিয়ার জীবাণু বাহক মশার বংশবিস্তার রোধ করা গেলে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর হার কমানো সম্ভব। মশার বংশ বিস্তার রোধ করতে হলে প্রত্যেকের বাড়ির আশপাশের ডোবা নালা পরিস্কার রাখতে হবে। কীটনাশকযুক্ত মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে। সাধারন মানুষের মাঝে এবিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ম্যালেরিয় নির্মূল সম্ভব।
বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা যৌথ উদ্যোগে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
“ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা” এই প্রতিপাদ্য সামনে রেখে ২৫ এপ্রিল বুধবার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বিশ^ পরিস্থিতির উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন ইপসা’র প্রজেক্ট ম্যানেজার সাংবাদিক জিগারুল ইসলাম জিগার। ইপসার উপজেলা ম্যানেজার মো. রিপন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মো. নুর আলী, মিন্টু দে, ইপসা’র সুলতানপুর শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, দৈনিক আমাদের সময়ের রাউজান প্রতিনিধি হাবিবুর রহমান ও সিপ্লাস টিভির প্রতিনিধি মো. আরফাত হোসাইন প্রমূখ।
