বাহরাইন প্রতিনিধি : প্রায় ৬১ হাজারের মত অবৈধ অভিবাসী রয়েছেন বাহরাইনে । এদের মধ্যে যেসব শ্রমিকের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে, তাদের ইমার্জেন্সি আউটপাস (জরুরি বহির্গমন) সার্টিফিকেট সরবরাহে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রক সংস্থা লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আউসামা আবদুল্লা আল আবছি এ তথ্য জানান।
তিনি জানান, বাহরাইনে রানওয়ে (কাজে অনুপস্থিত বা কাজ থেকে পলাতক) অথবা ওভার স্টে (ভিসার মেয়াদ শেষ হবার পরও নতুন ভিসা না নিয়ে অতিরিক্ত সময় অবস্থান) করছেন এমন অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় ৬১ হাজার।
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য মতে, দেশটিতে প্রায় ৩০ হাজারের মতো অবৈধ বাংলাদেশি রয়েছেন।
সাধারণ ক্ষমার সুবিধা পেতে সব ধরনের আর্থিক লেনদেন বা দালালের মাধ্যম পরিহার করার জন্য অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পূর্বের মালিকের কোনো সহযোগিতা ছাড়াই একজন অবৈধ প্রবাসী বৈধতার সুযোগ গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে এলএমআরএ সব সহযোগিতা করবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এলএমআরএ-এর ওয়েব সাইট (www.lmra.bh) অথবা কল সেন্টারে (১৭৫০৬০৫৫) যোগাযোগ করতে বলা হয়েছে।
