সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে সরওয়ার হোসেন মেহেদী নামে এক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে ১লাখ ২০হাজার টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা। সরওয়ার হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা বলে জানা গেছে।
দুবৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার (৪ জুন ) ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এফএমসি গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) উত্তম ঘোষ।
তিনি বলেন, ওই কর্মকর্তা ইস্ট ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে টাকাগুলো উত্তোলন করে আগ্রাবাদ থেকে বাসে করে এসে জিইসি মোড় নামেন। সেখান থেকে রিকশা করে হিলভিউ আবাসিক এলাকার অফিসে যাওয়ার পথে প্রবর্তক মোড়ের মিয়া বিবি ডিজাইন হাউসের সামনে তার রিকশা থামিয়ে তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদ বলেন, ছিনতাইয়ের একটি ঘটনার বিষয়ে কোন ধরণের অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
